বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী
বন্ধ বিমানবন্দরগুলো আগে চালু হবে: প্রতিমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি জানিয়েছেন, দেশের অনেক বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ রয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও, নীলফামারী ও বগুড়া বিমানবন্দর একসময় সম্পূর্ণ কার্যকর ছিল, কিন্তু আগে এইগুলোকে পুনরায় চালু করা হবে। পরবর্তী নতুন বিমানবন্দর পরিকল্পনা ময়মনসিংহে করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন হজের টিকেটের দাম কমানোর জন্য। বিমানের ক্ষতি কেন হচ্ছে, আমরা খুঁজে বের করেছি। এখন বিমানের টিকেটের দাম কমানো সম্ভব, যাতে জনগণের নাগালের মধ্যে থাকে।”
তিনি আরও বলেন, “সত্য সংবাদ প্রকাশে কোনো আপত্তি নেই, কিন্তু হলুদ সাংবাদিকতা যেন না হয়। মিথ্যা বা বিভ্রান্তিকর খবর সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমাদের দেশের উন্নয়নের জন্য সঠিক তথ্য জরুরি।”
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ এবং অন্যান্য গণমাধ্যমকর্মী।




















