অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধি জরুরি: অর্থমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
অর্থ ও পরিকল্পনামন্ত্রী অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধির প্রয়োজন এবং এর মাধ্যমে বিনিয়োগ বাড়ানো সম্ভব। বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সৃষ্টিও সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, সরকার দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে জোর দিচ্ছে। আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত সরকারি হাসপাতালের জমি পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি পতেঙ্গা থানার জেলে পাড়া এলাকায় হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত জমি সরেজমিন ঘুরে দেখেন।
বিকেল ৩টায় মন্ত্রী বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২-এর পশ্চিম পাশে, মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেন। সেখানে মোট ১৪.২১৯০ একর হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত জমি এবং অতিরিক্ত ২.৭ একর জমি ঘুরে দেখেন।
চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন। পরিদর্শনে বানৌজা উল্কার অধিনায়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন ও ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চট্টগ্রাম মহানগরীর চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে।





















