নরসিংদীর ধর্ষণকাণ্ডে জাতি স্তম্ভিত: বিচার দাবি জামায়াত আমিরের
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ঢাকা ও নরসিংদীতে সাম্প্রতিক ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ডা. শফিকুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঢাকায় ৬ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে এক স্কুলছাত্রীকে হত্যার ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে।
তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা ও প্রশাসনিক শৈথিল্যের ইঙ্গিত মিলছে। অপরাধীদের বিচার নিশ্চিতের পরিবর্তে ভুক্তভোগী পরিবারকে চাপ দেওয়া বা মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা মানবাধিকারের লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, ইনসাফের প্রশ্নে কোনো আপস করা যাবে না। অবিলম্বে স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থাও রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।
পোস্টের শেষাংশে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।


























