কিশোরীকে ধর্ষণ ও হত্যায় বিএনপি নেতাও জড়িত: হাসনাত আব্দুল্লাহ
- সংবাদ প্রকাশের সময় : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
নরসিংদীর মাধবদী এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটিতে স্থানীয় এক বিএনপি নেতার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেন, মহিষাশুরা ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান এ ঘটনায় জড়িত।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রায় ১৫ দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় নূরার নেতৃত্বে কয়েকজন কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির পরিবার স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার চায়। অভিযোগ রয়েছে, অভিযুক্তদের কাছ থেকে অর্থ নিয়ে বিষয়টি আপসের চেষ্টা করা হয় এবং মামলা করতে নিরুৎসাহিত করা হয়।
পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হলে বুধবার বিকেলে কিশোরীকে আত্মীয়ের বাড়িতে পাঠানোর সময় আবারও তাকে তুলে নেওয়া হয়। পরদিন একটি সরিষা ক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ এ ঘটনায় মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান ও তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তবে প্রধান অভিযুক্ত নূরাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















