ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ধর্ষক ও খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
নরসিংদীর মহিষাশুড়ায় সংঘটিত পাশবিক ধর্ষণ ও বিচার চাওয়ার অপরাধে নির্মমভাবে খুনের শিকার হওয়া কিশোরী হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে ধর্ষক ও খুনীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জোর দাবী জানান।
নেতৃদ্বয় বলেন, নরসিংদীর মহিষাশুড়ায় সংঘটিত বর্বরোচিত সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, এটি জাতির জন্য লজ্জাজনক ও নিরাপত্তাহীনতার চরম একটি বহিঃপ্রকাশ। এ ধরনের নৃশংস ঘটনা প্রমাণ করে যে সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে। অপরাধীরা বারবার আইনের কঠোর শাস্তি থেকে রেহাই পেয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া ও দুঃসাহসী হয়ে উঠছে।
নেতৃদ্বয় আরও বলেন, ধর্ষণ ও খুন ঘৃণ্যতম অপরাধ; যা মানবতা, নৈতিকতা ও সভ্যতার সম্পূর্ণ পরিপন্থী। নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্র, সমাজ ও পরিবারকে সমন্বিত এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে কার্যকর ও দৃঢ় অবস্থান গ্রহণ এবং অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করতে হবে। ইসলামী শরীয়াহ ও প্রচলিত আইনের আলোকে এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। ধর্ষক ও খুনীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর না হলে সমাজ থেকে এ ব্যাধি নির্মূল করা কঠিন হয়ে পড়বে।
অবিলম্বে জড়িত অপরাধীদের গ্রেফতার, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ এবং নিহত কিশোরী আমেনার পরিবারের পুনর্বাসনের জোর দাবি জানান। একই সঙ্গে প্রশাসনিক গাফিলতি, তদন্তে ধীরগতি বা কোনো প্রকার প্রভাব বিস্তারের অপচেষ্টা হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
প্রসঙ্গত, নরসিংদীর মাধবদী উপজেলায় এক কিশোরীকে তার সৎ বাবার কাছ থেকে ‘ছিনিয়ে নিয়ে’ হত্যা করা হয়েছে। ১৫ বছর বয়সী ওই মেয়েটিকে পনেরো দিন আগে ‘ধর্ষণ’ করা হয়েছিল বলে তার পরিবার অভিযোগ করেছে। বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধারের খবর জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।
খুন, সন্ত্রাস ও নারী ধর্ষণসহ দেশে চলমান অস্থিরতা, অরাজকতা ও সকল অপরাধের বিরুদ্ধে রাজপথে, সামাজিক ও আইনি সকল পর্যায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভুমিকা ও নতুন সরকারকে কঠোর ভূমিকা রাখতে আহবান জানান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতৃদ্বয়।





















