আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা পাকিস্তানের, উত্তেজনা চরমে
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
পাকিস্তান ও আফগানিস্তান–এর মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক সীমান্ত সংঘাতের জেরে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।
খবর অনুযায়ী, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কাবুল ও কান্দাহারের বিভিন্ন স্থানে আকাশপথে হামলা চালায় পাকিস্তান। এর আগে গত কয়েকদিন ধরেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছিল।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, “আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবার সরাসরি যুদ্ধ হবে।” আফগানিস্তানের বিরুদ্ধে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গজব লিল হক’। পাকিস্তানের দাবি, তাদের হামলায় ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন।
অন্যদিকে আফগান প্রশাসনের দাবি, বৃহস্পতিবার রাতে সীমান্ত পেরিয়ে তারা পাকিস্তানের অন্তত ১২টি সামরিক পোস্ট দখলে নিয়েছে এবং ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। কাবুলে শুক্রবার অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
তালিবান প্রশাসনের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা–এর অবস্থানস্থল কান্দাহারেও হামলার খবর পাওয়া গেছে। তবে উভয় পক্ষের নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
যুদ্ধ ঘোষণার পর কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, “যে কোনো আগ্রাসন গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা পাকিস্তান সেনাবাহিনীর রয়েছে। পুরো জাতি সেনাবাহিনীর পাশে আছে।”
এদিকে সামাজিক মাধ্যমে পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমান ভেঙে পড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। আফগান পক্ষ দাবি করেছে, তারা বিমানটি গুলি করে ভূপাতিত করেছে। তবে পাকিস্তান এ দাবি অস্বীকার করেছে। ভিডিওটির সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
























