১১.৫% সুদে ন্যাশনাল ব্যাংককে তারল্য সহায়তা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
তারল্য সংকটে থাকা বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড-কে জরুরি সহায়তা হিসেবে ১ হাজার কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঈদকে সামনে রেখে গ্রাহকদের নগদ অর্থ উত্তোলনের চাপ বেড়ে যাওয়ায় ১১ দশমিক ৫ শতাংশ সুদে ৯০ দিনের জন্য এ তহবিল সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ন্যাশনাল ব্যাংক বর্তমানে তারল্য সংকটে রয়েছে এবং গ্রাহকদের অর্থ সময়মতো পরিশোধে সমস্যায় পড়ছে। এ পরিস্থিতিতে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের কাছে সহায়তা চেয়ে চিঠি দেয়। আবেদনের প্রেক্ষিতে তারল্য সহায়তা প্রদান করা হয়।
ন্যাশনাল ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ক্যাশ ফ্লো স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হয়েছিল। ঈদের আগে সাধারণত গ্রাহকদের টাকা উত্তোলনের চাহিদা বেড়ে যায়। কিন্তু আমানত ও ঋণ আদায়ের বর্তমান প্রবাহ দিয়ে তারল্য ঘাটতি পূরণ সম্ভব হচ্ছিল না।
কেন্দ্রীয় ব্যাংকের এই সহায়তার মাধ্যমে সাময়িকভাবে তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





















