আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলেই ব্যবস্থা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে কেন্দ্রীয়ভাবে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবছর পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যদি ভিন্ন কৌশলে বা অন্য নামে এ ধরনের ফি আদায় করে এবং তা প্রমাণিত হয়, তবে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এমপিওভুক্তির বিষয়ে মন্ত্রী জানান, অতীতে যাচাই-বাছাই প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ রয়েছে। বিষয়টি পুনরায় পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সাত কলেজ প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট নথিপত্র এখনো বিস্তারিতভাবে দেখা হয়নি। এ বিষয়ে একটি কমিটি গঠন করে সার্বিক পর্যালোচনার পর সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্প্রতি ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।























