গাছে গাছে আমের মুকুল, মধুমাসের আগমনী বার্তা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আবহমান বাংলার সৌন্দর্যের রাজা বলে পরিচিত গ্রীষ্মকাল। ফাগুনের ছোঁয়ায় পলাশ-শিমুলের বনে লেগেছে আগুনরাঙা রঙের মেলা। শীতের জড়তা কাটিয়ে কোকিলের মধুময় কুহুতানে আবারও বাংলার বুক মাতাতে ফিরে এসেছে ঋতুরাজ বসন্ত।
রঙিন বনফুলের সমারোহে যেমন প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে, তেমনি সাজে সেজেছে ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকার আমবাগানগুলো। গাছজুড়ে আগাম আমের মুকুলের ঘনঘটা—পাতা দেখার যেন উপায় নেই। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি সুগন্ধ।
নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই আবহাওয়ার অনুকূলতা ও বিভিন্ন জাতের কারণে মূলত গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে। তবে চলতি মাসের শেষের দিকে প্রতিটি গাছেই পুরোপুরি মুকুল ফুটতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। যেসব বাগানে আগাম মুকুল এসেছে, সেসব বাগান মালিকরা ইতোমধ্যে পরিচর্যা শুরু করেছেন।
আমচাষীরা জানান, শীতের তীব্রতা থাকলেও কয়েক সপ্তাহ ধরেই গাছে মুকুল আসছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে ইসলামপুরে এবার আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে আমচাষ লাভজনক হওয়ায় অনেকেই নতুন করে আমবাগান করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলে আমের ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।”
সব মিলিয়ে, মুকুলে ভরে উঠেছে গাছের ডালপালা—মধুমাসের আগমনী বার্তায় মুখর হয়ে উঠেছে জামালপুরের জনপদ।





















