পলাতক আসামি হাসিনা–কামাল, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ অভিযানে ৯ তরুণ নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামিদের আত্মসমর্পণের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় মোট আটজন আসামি রয়েছেন। তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল। তবে দুজন গ্রেপ্তার থাকলেও বাকি ছয়জন পলাতক থাকায় তাদের আত্মসমর্পণে পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন—সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতক আসামিরা হলেন—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহাম্মদ মারুফ হাসান, সাবেক সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
এদিন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।
এর আগে গত ২৯ জানুয়ারি মামলার আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে মিরপুরের কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে কথিত জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্টর্ম-২৬’ পরিচালনা করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই অভিযানে ৯ তরুণ নিহত হন। ঘটনাটি নিয়ে পরবর্তীতে ‘বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যার’ অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়।





















