দ্রুতই সব মামলা থেকে মুক্তি পাচ্ছেন শাকিব
- সংবাদ প্রকাশের সময় : ১২:২০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার নেতৃত্বে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গিয়েছিল। সেই সময়ে দেশের বাইরে অবস্থান করছিলেন ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য শাকিব আল হাসান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা, যার মধ্যে খুন-সহ গুরুতর অভিযোগও রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করার পর শাকিবকে জাতীয় দলে ফেরানোর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই শাকিবকে দেশে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে আগামী ২৮ ফেব্রুয়ারি শাকিব বাংলাদেশে ফেরেন। যদিও শাকিব নিজে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, তবুও ফেরানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, শাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং তিনি খেলতে আগ্রহী।
আসিফ আকবর আরও বলেন, “শাকিবের মামলা ও অন্যান্য আইনি বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা করেছি। তার আইনজীবী বিসিবির সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা খুব দ্রুত, সম্ভবত রবিবার বা সোমবারের মধ্যে কেসের ফাইলগুলো ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব। আশা করছি শীঘ্রই সব মামলা থেকে শাকিব মুক্তি পাবেন।”
এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজেও শাকিবকে দেখা যেতে পারে, যা বাংলাদেশের ক্রিকেটের জন্য সুখবর।





















