মুকুলের সুবাসে মুখর চাঁপাইনবাবগঞ্জ, বাম্পার আমের আশা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ জেলা এখন আমের মুকুলের সুগন্ধে মুখর। হাজার হাজার আমগাছে মুকুল ফুটে উঠায় চারপাশে ছড়িয়ে পড়ছে মৌ-মৌ গন্ধ, যা মানুষের মনকে বিমোহিত করছে। জেলার সব উপজেলায় সরেজমিনে দেখা গেছে, সারি সারি আম বাগানের গাছ এখন মুকুলে ভরে গেছে।
আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাম্পার আমের ফলনের আশা করছেন বাগান মালিক ও কৃষকরা। দেশের সুস্বাদু আমের জন্য বিখ্যাত এই অঞ্চলের চাষিরা ইতোমধ্যেই গাছের প্রাথমিক পরিচর্যার কাজ সম্পন্ন করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে ৩৭,৪৮৭ হেক্টর জমিতে প্রায় ৯২,৪৪,৭৬৫টি আমগাছ রয়েছে। এ বছরের আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪,৫৮,৯১২ মেট্রিক টন।
জেলার সদর, শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলার বাগানগুলোতে মুকুলের আধিক্য চোখে পড়ছে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী, চাষিরা মুকুলকে রোগবালাই থেকে রক্ষা করতে নিয়মিত কীটনাশক ব্যবহার করছেন।
সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের আমচাষি আব্দুর জব্বার বলেন, “বাগানে আগেভাগেই মুকুল এসেছে। কুয়াশার কারণে ক্ষতি না হলে ভালো ফলন হবে বলে আশা করছি।”
শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকার আমচাষি আমিনুল ইসলাম জানান, দুই সপ্তাহ আগে থেকেই গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশিরভাগ গাছ এখন মুকুলে ছেয়ে গেছে। তিনি বলেন, “কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত স্প্রে করছি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলন হবে।”
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী জানান, জেলার প্রায় সব বাগানে মুকুল দেখা যাচ্ছে এবং এখন প্রায় ৭০ শতাংশ গাছে মুকুল এসেছে। তিনি বলেন, “কৃষকদের কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ এবং সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে মুকুল সুস্থ থাকে এবং ফলন ভালো হয়।”
এ বছর জেলার বিভিন্ন বাগানে গুটি, লক্ষণভোগ, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, ক্ষীরসাপাত ও আশ্বিনা জাতের আমগাছে মুকুল দেখা গেছে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে বাম্পার আমের ফলনের সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।























