মামলায় গ্রেপ্তার হিরো আলম, আদালতের নির্দেশে কারাগারে
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বগুড়ায় দায়ের করা এক মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঝিড়া বন্দরের কাছে তার অবস্থান শনাক্ত করা হয়। সেখানে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার ব্যবহৃত গাড়ির পিছু নেন। একপর্যায়ে ধাওয়া করে গাড়ি থামিয়ে সেখান থেকেই তাকে আটক করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে বিয়ের আশ্বাস দেন হিরো আলম। পরে প্রতারণার মাধ্যমে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন, নির্যাতন এবং জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগ আনা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হিরো আলম। এ ঘটনায় ২০২৫ সালের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মিথিলা।
পুলিশ জানায়, মামলার তদন্ত শেষে পিবিআইয়ের প্রতিবেদনের ভিত্তিতে গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আনোয়ারুল হক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।
কোর্ট পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম জানান, আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





















