পবিত্র শবেবরাত আজ, বুধবার সরকারি ছুটি
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সারা দেশে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতটি পবিত্র শবেবরাত বা ‘লাইলাতুল বরাত’ হিসেবে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত মুসলমানদের জন্য সৌভাগ্যের রজনী হিসেবে বিবেচিত।
পবিত্র শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশ ও জাতির কল্যাণ এবং মানব কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “মহিমান্বিত এই রাতে ইবাদত-বন্দেগি ও দান-সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভ করা যায়। আত্মসমালোচনা ও তওবার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।”
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাত জুড়ে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬:৩০ মিনিটে মুফতি মাওলানা নজরুল ইসলাম কাসেমী ওয়াজ করবেন, এবং রাত ৮:৩০ মিনিটে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন লাইলাতুল বরাতের শিক্ষা তুলে ধরবেন।
মসজিদটি সারা রাত মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে। ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে শবেবরাতের অনুষ্ঠান শেষ হবে।
সারাদেশের ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন রয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি চ্যানেলগুলোতে ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
মুসলিম উম্মাহ এই রাতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও ওয়াজের মাধ্যমে আল্লাহর রহমত, নৈকট্য ও শান্তি কামনা করবেন।





















