ফের শৈত্যপ্রবাহের আভাস, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
দেশজুড়ে শীতের তীব্রতা কিছুটা কমলেও এর প্রভাব এখনই পুরোপুরি কাটছে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের বিভিন্ন অঞ্চলে ফের একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি মাসের শেষভাগে বজ্রসহ বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ফেব্রুয়ারিতে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হতে পারে। এ সময় বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। তবে মাসের প্রথমার্ধে উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
এদিকে ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুই দিন বজ্রবৃষ্টি বা শিলাসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রধান নদনদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





















