ডিবি পরিচয়ে অপহরণ: স্বেচ্ছাসেবকদল নেতাসহ আটক ৫
- সংবাদ প্রকাশের সময় : ১০:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে আশিদুল হক (৩৭) নামে এক যুবককে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কসহ ৫ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে।
বুধবার (৮ডিসেম্বর) বিকেলে আটককৃতদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে বুধবার ভোরে তাদের অভিযান চালিয়ে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পৌর শহরের পূর্ব গৌরীপাড়া এলাকার জামিল হোসেনের ছেলে মাজেদুল ইসলাম মিঠু (৩৬)। তিনি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (২৮), কড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তুহিন রেজা (৩০), আমড়া গ্রামের ইউনুস আলীর ছেলে জুলফিকার আলী (৩০), চৌকিয়া পাড়া (সোনারপাড়া) গ্রামের মকবুল হোসেনের ছেলে মোছাদ্দেক হোসেন (৩৫) ।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, বুধবার (৭জানুয়ারি) সন্ধ্যায় ভুক্তভোগী আশিদুল হক (৩৭), উপজেলার কাজিহাল ইউনিয়নের আটপুকুরহাটে কেনাকাটা শেষে বাড়িতে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে এসে কয়েকজন ব্যক্তি তার মোটরসাইকেলের পথ রোধ করে নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আশিদুলকে তুলে নিয়ে যায়। এরপর ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া এলাকায় অজ্ঞাত একটি বাড়িতে রেখে তাকে মারধর করে ২লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় আশিদুল হক ৫০ হাজার টাকা দিতে চাইলে তারা টাকা নিয়ে আসতে বলে। একপর্যায়ে আশিদুলের খালাতো ভাই হাবিবুর টাকা নিয়ে আসলে পরে অপহৃত আশিদুলসহ তার খালাতো ভাই হাবিবুরকে গভীর রাতে স্থান পরিবর্তন করে পৌর এলাকার তেঁতুলিয়া স্কুলের মাঠে নিয়ে যায় অপহরণকারীরা। অপহরণকারীদের ৩০ হাজার টাকা দিলে অপহৃত আশিদুলকে ছেড়ে দেয়া হয় এবং আরও ৫০হাজার টাকা দাবি করে তার খালাতো ভাই হাবিবুরকে আটকে রাখা হয়।
এদিকে ওই রাতেই ছাড়া পেয়ে আশিদুল হানিফ কাউন্টারের সামনে অবস্থানকালে সেনাবাহিনীর একটি টহল দলকে দেখতে পায়। তখন তাদেরকে বিষয়টি জানালে থানা পুলিশসহ পশ্চিম গৌরীপাড়া বউ বাজার এলাকায় রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে অজ্ঞাতনামা একটি বাড়ি থেকে অপহৃত আশিদুলের খালাতো ভাই হাবিবুরকে উদ্ধারসহ ওই ৫ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়।
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিয়ার রহমান মিন্টু জানান, ব্যক্তির দায় কখনও স্বেচ্ছাসেবক দল নিবেনা। স্বেচ্ছাসেবক দলে কোন দুষ্কৃতিকারীর জায়গা হবেনা। ঘটনার সত্যতা যাচাইয়ের পর তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতিয়ার রহমান মিন্টু জানান, ব্যক্তির দায় কখনও দল নিবেনা। দলে কোন দুষ্কৃতিকারীর জায়গা হবেনা। ঘটনার সত্যতা যাচাইয়ের পর তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আব্দুল লাতিফ জানান, ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় রাতভর পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযান চালিয়ে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে দুইটি মোটরসাইকেল সহ নগদ সাড়ে ৫হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে ভুক্তভোগী আশিদুল হক বাদি হয়ে ভুয়া ডিবি পুলিশের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করেন যার মামলা নং ৩, তারিখ ৮/০১/২৬। গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।























