শান্তিরক্ষীরা সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন: প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। এ উপলক্ষে তিনি বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী আরও বলেন, শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সদস্য প্রাণ হারিয়েছেন, তাদের অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আহত শান্তিরক্ষী ও তাদের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানান।
বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব ও মানবিকতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।
তিনি জানান, বর্তমানে বাংলাদেশ অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণও দিন দিন বাড়ছে, যা নারীর ক্ষমতায়নের একটি বড় উদাহরণ।
সবশেষে প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।




















