রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড সংক্রান্ত ডেথ রেফারেন্স (মামলার পূর্ণ নথি) হাইকোর্টে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিচারিক আদালত থেকে সোহেল রানা ও স্বপ্না খাতুনের মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়।
এর আগে রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে আদালত জরিমানাও আরোপ করেন—সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা।
রায়ের অর্থ ভুক্তভোগী রামিসার আইনি উত্তরাধিকারদের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রির মাধ্যমে অর্থ পরিশোধের কথাও রায়ে উল্লেখ করা হয়।
আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্ট বিভাগের অনুমোদন (ডেথ রেফারেন্স) প্রয়োজন, যা এখন উচ্চ আদালতে পাঠানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি ভাড়া বাসায় রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর জানালার গ্রিল কেটে প্রধান আসামি সোহেল রানা পালিয়ে যায়। পরে স্বপ্না খাতুনকে পুলিশ হেফাজতে নেয় এবং সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে ২১ মে সোহেল রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দ্রুত তদন্ত শেষে ২৫ মে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ১ জুন বিচার শুরু হয়। ২ জুন একদিনেই সাক্ষ্যগ্রহণ শেষ হয়, আর ৭ দিনের মাথায় রায় ঘোষণা করা হয়।





















