সংসদে আমির খসরু মাহমুদ চৌধুরী
নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর: বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
দেশে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করলে অর্থমন্ত্রী এ জবাব দেন।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের আওতায় তরুণদের জন্য কোনো বিনা সুদের ঋণ প্রকল্প নেই। তবে ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে নতুন উদ্যোক্তাদের জন্য পুনঃঅর্থায়ন স্কিম চালু রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এই স্কিমের তহবিল ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এর আওতায় নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। জামানত থাকলে সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে।
এছাড়া স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার একটি আলাদা তহবিল গঠনের পরিকল্পনার কথাও জানান অর্থমন্ত্রী। এই তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ ও ইক্যুইটি সহায়তা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।





















