জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন, উত্থাপন ৬ দফা দাবি
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়।
মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ব্যবহৃত ব্যানার ও পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ছবি প্রদর্শন করা হয়।
মানববন্ধন থেকে ছাত্রলীগের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বহিষ্কারাদেশ বাতিল, সংগঠনের নেতাকর্মীদের মুক্তি, নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার, শিক্ষকদের মর্যাদা রক্ষা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ছয় দফা দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ৬ দফার চেতনাকে ধারণ করেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের নেতাকর্মী ও স্বাধীনতার পক্ষের শিক্ষকদের বিরুদ্ধে হামলা-মামলা এবং হয়রানি বেড়েছে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলেও ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়নি এবং তারা তাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনিক সিদ্ধান্তে বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপরও দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির ব্যানারে বিচ্ছিন্ন কর্মসূচি পালনের ঘটনা সামনে এসেছে।





















