পশুর হাটে ব্যাংকিং সুবিধা, রাত ১০টা পর্যন্ত সেবা
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হলেও দেশের বিভিন্ন কোরবানির পশুর হাট এলাকায় সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কোরবানির পশু কেনাবেচায় নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতে নির্ধারিত হাটসংলগ্ন শাখা, উপশাখা ও অস্থায়ী বুথ খোলা রাখা হবে।
রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগের দিন রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত কোরবানির হাটগুলোতে বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়। তাই ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপদ ও সহজ ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের যেসব হাট এলাকায় ব্যাংকিং সেবা চালু থাকবে সেগুলোর মধ্যে রয়েছে গাবতলী পশুর হাট, দিয়াবাড়ী, কালশী বালুর মাঠ, মিরপুর সেকশন-৬, বাড্ডা, খিলক্ষেত ও বনরূপা আবাসিক এলাকার হাট।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় কাজলা, মাতুয়াইল, বনশ্রী, রহমতগঞ্জ, পোস্তগোলা, খিলগাঁও, গোলাপবাগ, আমুলিয়া ও সারুলিয়া এলাকার হাটগুলোতে ব্যাংক খোলা থাকবে।
এ ছাড়া চট্টগ্রামের বিবির হাট ও সাগরিকা, রংপুরের লালবাগ সদর হাট, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাট এলাকাতেও ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।





















