ইসলামী ব্যাংকে আবারও নেতৃত্বে পরিবর্তনের আভাস
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. জুবায়দুর রহমান। রোববার (২৪ মে) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছেও পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ইসলামী ব্যাংকের আগের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। এরপর কেন্দ্রীয় ব্যাংক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয় এবং তিনি চেয়ারম্যানের দায়িত্ব নেন। গত বছরের জুলাইয়ে তিনি পদত্যাগ করলে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে বোর্ডে যুক্ত হন অধ্যাপক ড. জুবায়দুর রহমান। পরে তাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের প্রায় ১০ মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন।
অধ্যাপক জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক ও ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে অধ্যাপনা করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবেও দায়িত্ব পালন করেন।
ড. জুবায়দুর রহমান রাজধানীর জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের প্রতিষ্ঠাতা উপাচার্য। তিনি বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং উন্নয়নশীল বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি খাতে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
তাৎক্ষণিকভাবে তার পদত্যাগের কারণ জানা যায়নি। তবে কেন্দ্রীয় ব্যাংক ও ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী দিনে ব্যাংকটির ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণী কাঠামোয় কিছু পরিবর্তন আসতে পারে।























