ধর্মের আবরণে গুণ্ডামির রাজনীতি চলে না: আইনমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ১০:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন মানবতা ও সাম্যের কবি, যিনি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করতেন না।
রোববার (২৪ মে) সন্ধ্যায় ত্রিশাল-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী মসজিদের পাশে দাফনের ব্যবস্থা করেছিলেন। নজরুল বিশ্বাস করতেন— সবার ওপরে মানুষ সত্য, তার ওপরে কিছু নেই। এখানে ধর্মের কোনো বিভেদ নেই।”
তিনি আরও বলেন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিচর্চা একসময় হারিয়ে যেতে বসেছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংস্কৃতির পরিবর্তে যুবসমাজ মাদক, অস্ত্রবাজি ও গুণ্ডামির দিকে ধাবিত হচ্ছিল। এসব পরিবর্তনে বর্তমান সরকার শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রামিসা হত্যা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী নিজে রামিসার বাসায় গেছেন। সাত ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে চার্জশিট দাখিল করা হয়েছে। কোনো অপরাধীই পার পাবে না।”
তিনি বলেন, “আমরা এই দেশকে শিশুদের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য করে গড়ে তুলতে চাই। অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী শরিফুল আলম, ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ডিআইজি আতাউল কিবরিয়াসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুল ইসলাম।






















