ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী কয়েক দিনে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার দেশের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।






















