ঢাকাসহ সারা দেশে বৃষ্টি, হতে পারে ভারী বর্ষণ
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে
ঢাকায় শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। শুধু রাজধানী নয়, দেশের প্রায় অঞ্চলেই বৃষ্টি হচ্ছে । এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। এর মধ্যে তিন বিভাগের বেশির ভাগ স্থানে বৃষ্টি হতে পারে। এই তিন বিভাগের কোনো কোনো স্থানে আবার ভারী বর্ষণের সম্ভাবনাও আছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টির প্রবণতা বেড়েছে। এই বৃষ্টি শুক্রবার মোটামুটি সারা দিনই থাকতে পারে। রাজধানীতে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি থাকতে পারে। দুপুরের পর থেকে একটু কমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে শুক্রবার (৮ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৮৯ মিলিমিটার। শুক্রবার রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ২ মিলিমিটার। রাজধানীতে ছয়টার পর থেকে বৃষ্টি বেশি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোনো কোনো স্থানে ভারী বৃষ্টি হতে পারে।
কোনো এলাকায় যদি ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তা ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়। শনিবার (৯ আগস্ট) থেকে বৃষ্টি একটু কমে আসতে পারে। তবে বৃষ্টি বাড়তে পারে উত্তরাঞ্চলে।






















