সুন্দরবনে হান্নান বাহিনীর প্রধানসহ ৭ দস্যু আটক (ভিডওি)
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
সুন্দরবনে অভিযান চালিয়ে হান্নান বাহিনীর প্রধানসহ সাত বনদস্যুকে অস্ত্রসহ আটক করেছে মোংলা কোস্টগার্ড।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এই তথ্য জানান।
আটক বনদস্যুরা হলেন- হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), আবু তালেব খান (৪৭), হোসেন আলী শেখ (৫৫) ও হাবিবুর রহমান (৫৫)। তাদের বাড়ি খুলনা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়।
এর আগে বুধবার দিবাগত রাতে বাগেরহাটের রামপাল উপজেলার খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখসহ তার পাঁচ সহযোগীকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর আরও এক সহযোগীকে দুটি এক নলা বন্দুক ও ৩টি রামদাসহ আটক করা হয়। জব্দকৃত অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, বনদস্যু হান্নান বাহিনী দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় জেলেদের অপহরণ, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। দস্যুবাহিনী থেকে তাদের সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হতো বলে আটককৃদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।


























