ঝিকরগাছায় বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছায় বাজারদর নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের কঠোর হুঁশিয়ারি বার্তা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বাজারদর নিয়ন্ত্রণ কমিটির আহবায়ক, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার।
তিনি আসন্ন রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারক, উৎপাদক, ব্যবসায়ীবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন।
একই সাথে তিনি অসাধু- ও অতি মুনাফালোভী মজুদদার ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
অনুষ্ঠানে তিনি উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, পবিত্র রমজানে সব শ্রেণিপেশার ভোক্তা সাধারণ যাতে সঠিক ওজন ও মানসম্মত নিত্যপণ্য কিনতে পারেন সেদিকে আমাদের নিয়মিত নজরদারি রাখতে হবে।
তিনি আরো বলেন, আমরা ব্যবসায়ীদের সতর্কতামূলক নির্দেশনা প্রচারের ব্যবস্থা করছি। যদি কেউ আমাদের নির্দেশনা অমান্য করেন বা ব্যত্যয় ঘটান সে ক্ষেত্রে আমরা জরিমানা আদায়সহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
সভায় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মাসুমা আক্তার, আইসিটি অফিসার ও নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মাইনুল ইসলাম বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন,ওসি তদন্ত আবু সাঈদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, পৌরসেনেটারী কর্মকর্তা শহীদ আলম ও উপজেলা সেনেটারি কর্মকর্তার প্রতিনিধি জাকির হোসেন প্রমুখ।

























