বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
অপরাধ দমনে গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
অর্ন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধ দমনে দেশব্যাপী শুরু হওয়া অভিযান পরিচালনায় কোনো বাহিনীর কোনো সদস্যের গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের পিলখানার হত্যাকাণ্ডের স্মরণ হচ্ছে ব্যতিক্রমভাবে। এবার এটি শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সেই উপলক্ষে আমরা এখানে এসেছি।
দেশের সার্বিক পরিস্থিতি, গতরাত থেকে শুরু হওয়া অভিযান ও এর সফলতা কতটুকু– জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সফলতা-ব্যর্থতা আপনারা (সাংবাদিক) মূল্যায়ন করবেন। এ অভিযান যেভাবে সাজিয়েছি, যদি কোনো জায়গায় আমার কোনো কর্মচারী বা আমার কোনো বাহিনীর সদস্যের মধ্যে গাফিলতি থাকে, আমি তাদের আইনের আওতায় নিয়ে আসব।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না, সে পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক, আনসার বা কারা অধিদপ্তর হোক। ঠিক মতো কাজ না করলে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব।






















