দু’দিন পর খালে মিলল ইমামের মরদেহ (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের দুই দিন পর মোতালেব গাজী (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক মাদরাসা শিক্ষকের মরদেহ খালে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ৯৯৯ এ খবর পেয়ে উপজেলার রায়েন্দা ইউনিয়নের পশ্চিম খাদা চারঘাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত মোতালেব গাজী উপজেলার খোন্তাকাটা গ্রামের ইউসুফ গাজীর ছেলে। তিনি দ্বিতীয় স্ত্রী পিয়ারা বেগমের সঙ্গে পশ্চিম খাদা গ্রামে বসবাস করতেন। খাদা গগণ মেমোরিয়াল দাখিল মদরাসার এবতেদায়ী শাখার শিক্ষকতা থেকে অবসরের পর স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন তিনি। স্ত্রী পিয়ারা বেগম মরদেহটি তার স্বামীর বলে শনাক্ত করেছেন।
স্ত্রী পিয়ারা বেগম জানান, তার স্বামী গত ১৭ ফেব্রুয়ারি বরিশালে চরমোনাই পীরের দরবার শরীফের বাৎসরিক মাহফিলে গিয়েছিলেন। বৃহস্পতিবার বিকেলে সেখান থেকে ফিরে আসেন। স্থানীয় লোকজনের সঙ্গে দেখা হয়েছে তার। আসার আগে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথাও হয়েছে পিয়ারা বেগমের। কিন্তু বাড়িতে আর যাননি। সেই থেকে নিখোঁজ ছিলেন মোতালেব।
স্থানীয়রা জানানা, এলাকায় কারো সঙ্গে তার শত্রুতা ছিলনা। শান্ত স্বভারের মানুষ ছিলেন তিনি। বেশ করপক বছর আগে শিক্ষকতা থেকে অবসরের পর চারঘাটা মসজিদে নামাজ পড়াতেন।
শরণখোলা থানার ওসি মো. শহিদুল্লাহ জানান, ৯৯৯ এ ফোন পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) আ. আজিজের নেতৃত্বে পুলিশ খাল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে। এব্যাপারে একটি অপমৃত্যু মামালা রেকর্ড করে মরদেহটি ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।


























