সেতু নির্মাণে ধীরগতি, খাল বন্ধ থাকায় ভোগান্তি
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ সদরের স্টিল ব্রিজ সংলগ্ন বারইখালী খালে খালের ওপর সেতু নির্মাণে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়েছে নৌপথে যাতায়াতকারী হাজারও মানুষ। দুই বছরের অধিক সময় ধরে সেতু নির্মাণে ধীরগতির কারণে খালটি বন্ধ রয়েছে। ফলে নৌপথে যাতায়াত ও মালামাল পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছে উপজেলার সদর ইউনিয়ন, বারইখালী, নিশানবাড়ীয়া, জিউধরা ও বহরবুনিয়া ইউনিয়নের হাজারও মানুষ।

কার্যাদেশ পাওয়ার তিন বছর পরও ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে নির্মাণ কাজ শেষ করতে পারেনি। ফলে সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।
২০২১ সালের ১২ আগস্ট মীর হাবিবুল আলম নামে ঠিকাদারি প্রতিষ্ঠান চারটি খালের ওপর সেতু নির্মাণের কার্যাদেশ পান। সেতু নির্মাণের জন্য বরাদ্দের পরিমাণ ৪৭ কোটি ৪৫ লাখ টাকা। তবে কার্যাদেশ পাওয়ার প্রায় তিন বছর পার হওয়া সত্ত্বেও ওই চারটি সেতুর মধ্যে মোরেলগঞ্জ উপজেলা সদরের বারইখালী খালে খালের ওপর নির্মিত সেতুর মূল অবকাঠামোর ৫০ ভাগ কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।






















