ডিসেম্বরেই ভোট
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
ছাত্রদের রাজনৈতিক দল আসছে চলতি মাসেই। দলটির যাত্রা শুরু হবে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। যেখান থেকে গত বছরের ৩ আগস্ট শেখ হাসিনার পতনে একদফার ঘোষণা দিয়েছিলো ছাত্ররা। নতুন রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে বড় জমায়েতে করতে চায় তারা।
একদফার ঘোষক ছাত্রনেতা ও বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম-ই নয়া দলের হাল ধরবেন। দল ঘোষণার আগেই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা বলেন, চলতি মাসেই পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম।
নতুন দলে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়া এবং উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের বিষয়ে কথা বললেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেউ গণমাধ্যমে নিজের নাম উদ্ধৃত করতে চাননি। তাদের সাথেও কথা বলে জানা গেছে, নাহিদ ইসলাম-ই দায়িত্ব নিতে যাচ্ছেন তাদের দলের।
নাহিদ ইসলামকে দলের শীর্ষ নেতৃত্বে বেছে নেয়ার ক্ষেত্রে তারা বেশ কয়েকটি বিষয় বিবেচনা করার কথা বলেছেন।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় এক সদস্য বলছিলেন, নাহিদ ইসলাম ‘কুল’ প্রকৃতির। ধীরস্থির সিদ্ধান্ত নিতে পারেন। সবচেয়ে বড় বিষয়, শেখ হাসিনার পতনে একদফার ঘোষক এই নাহিদ ইসলাম-ই।
জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের নেতৃত্ব মানুষের নজর কেড়েছে। তার ঘোষণাতেই লাখও ছাত্র-জনতা ৫ আগস্ট রাস্তায় নেমে এসেছিল। অন্তর্বর্তী সরকারে দায়িত্ব নিলেও এখন পর্যন্ত তার সুনাম রয়েছে। এছাড়া, রাজপথে নেতৃত্বের পাশাপাশি রাষ্ট্র পরিচালনায়ও অংশ নেয়ায় দুটিইতে পোক্ত হয়েছেন নাহিদ ইসলাম- বলছিলেন নাগরিক কমিটির ওই নেতা।
জানা গেছে, দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নেতৃত্বের চূড়ান্ত বাছাই, গঠনতন্ত্র এসব নিয়েই ব্যস্ত সময় পার করছেন ছাত্রনেতারা।
ডাকসুর সাবেক ছাত্রনেতা ও নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন অথবা ‘নতুন কোনো মুখ, তবে পরিচিত’। নতুন কোনো মুখ বলতে তারা বুঝিয়েছেন, এখন পর্যন্ত নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির পদে নেই, তবে সবার কাছে পরিচিত মুখ, এমন কেউ। তবে আখতার হোসেনই এগিয়ে রয়েছেন।
দল ঘোষণার সময় ‘পরিচিত মুখ বা ফিগার’ দিয়ে চমক দেখাবেন, এমনটাও বলছেন তারা। ইতোমধ্যে দলের দায়িত্ব নিতে ৭০-৮০ জন মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে চূড়ান্ত করেছেন, যাদের মধ্যে রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন পেশাজীবী।
নাহিদ ইসলাম সরকারে যোগ দেয়ার আগে গণতান্ত্রিক ছাত্রশক্তির মহাসচিব ছিলেন। আখতার হোসেন সংগঠনটির আহবায়ক ছিলেন। গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস একটি সময়রেখা দিয়েছেন। তা থেকে বোঝা যায়, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬-এর জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত নির্বাচন দেয়ার জন্য বলে আসছে। ভোটের সময় নিয়ে জামায়াতের বক্তব্য পরিষ্কার নয়।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। এবং বলেছেনও ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচনের জন্য কাজ করছেন।
পরদিন ইউএনডিপিসহ উন্নয়ন সহযোগী ১৮টি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে বৈঠকের পরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ-ও কাছাকাছি কথা বলেছেন। তিনি জানান, ডিসেম্বর ধরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
স্থানীয় নির্বাচন আগে করার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে এরমধ্যে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া। যদিও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব স্পষ্ট করে বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মানবে না তার দল।
তবে, ছাত্ররাসহ অনেক রাজনৈতিক দল আগে স্থানীয় পর্যায়ে ভোট চায়। বর্তমান পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু ভোট আয়োজনের সক্ষমতা যাচাই স্বরূপ স্থানীয় নির্বাচনের কথা বলছেন তারা।
উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকের পর ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেছেন, অন্য নির্বাচনের প্রস্তুতি ইসি নিচ্ছে না। তবে সরকার চাইলে ইসি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে।
এদিকে, নাহিদ ইসলাম এখন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। তিনি পদত্যাগ করলে মন্ত্রণালয়ের প্রধানের পদ দুইটি খালি হবে। নাহিদ ইসলাম পদত্যাগের পর উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর গুঞ্জন রয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আসতে পারেন উপদেষ্টা মাহফুজ আলম। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় এক সদস্য জানালেন এ তথ্য। জুলাই আন্দোলনের অন্যতম ছাত্রনেতা মাহফুজ আলম কার্যত দফতরবিহীন উপদেষ্টা।


























