প্রাইভেটকারে গ্যাস নেয়ার সময় আগুনে পুড়ে শিশুর মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে চার বছরের শিশু মারা গেছে৷ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কর্ণগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রংধনু সিএনজি ফিলিং ষ্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত জিহান রূপগঞ্জের রূপসী এলাকার শরীফের ছেলে। জিহানেপ পরিবারের লোকজন তার খালার বাড়িতে বেড়াতে যাবার উদ্দেশ্যে বের হয়েছিলেন৷
নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, বিকেলে রূপসী থেকে শিশু জিহান তার মা ও মামার সাথে প্রাইভেটকার যোগে খালার বাড়ি নরসিংদীর উদ্দেশ্য রওয়ানা হয়। এ সময় কর্নগোপ এলাকায় রংধনু ফিলিং ষ্টেশনে প্রাইভেটকারে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারের ভেতরে ছিল শিশু জিহান। তার মা ও মামা বাইরে ছিল। গ্যাস নেয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন লেগে যায়। কিছু বুঝার আগেই পুরো গাড়িতে আগুন জ্বলে উঠে। আগুনে গাড়ির ভিতরে থাকা শিশু জিহান পুড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

এদিকে আগুনে মৃত্যুর ঘটনার পর নিহতের স্বজনরা ফিলিং ষ্টেশনে ভাংচুর চালায়। প্রাইভেটকারে আগুন লাগার পরপরই ফিলিং ষ্টেশনের দায়িত্বরত কর্মচারীরা পালিয়ে যায়।
রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে আগুন লেগে এক শিশুর মৃত্যু হয়েছে৷ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷






















