মোজাম্মেলের বাড়িতে আহত ৫ জন ঢাকা মেডিকেলে, গুরুতর আঘাত
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা-ভাঙচুরের সময় মারধরে আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিনজনের মাথায়, একজনের ডান হাতে ও আরেকজনের শরীরে গুরুতর আঘাত রয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তারা হলো- গাজীপুরের ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭), শুভ শাহরিয়া (১৬) ও হাসান (২২)।
আহত ইয়াকুবের ভাই মো. নাছির বলেন, ফাঁদে ফেলে তার ভাইসহ অন্যদের গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাসার একটি কক্ষে রাত সাড়ে আটটার দিকে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাদের এলোপাতাড়ি আঘাত করা হয়। তার ভাইয়ের মাথায় আঘাত রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করে। এতে অন্তত ১৫ জন আহত হয়।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ৯টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করে। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহবান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলে। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করে।
এদিকে, হামলার প্রতিবাদে শুক্রবার রাত পৌনে দুইটার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।























