বাধায় পন্ড নারীফুটবল খেলা ফের অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধিতায় পণ্ড হয়ে যাওয়া জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর মাঠে নারী দলের ফুটবল অবশেষে মাঠে গড়াল। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে আলোচিত এ খেলায় অংশ নেয় ঢাকা জেলা নারী ফুটবল দল ও জয়পুরহাট জেলা নারী ফুটবল দল।
আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এ সময় পুলিশ সুপার আবদুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মাঠে উপস্থিত ছিলেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ খেলায় জয়পুরহাট জেলা নারী ফুটবল দল ১-০ গোলে ঢাকা জেলা নারী ফুটবল দলকে পরাজিত করে।
গত ২৯ জানুয়ারি একবার বিকালে আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় তিলকপুর টি-স্টার ক্লাবের উদ্যোগে নারী দলের এ ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। খেলাটি দর্শনীর বিনিময়ে (টিকিটের বিনিময়ে) প্রদর্শনের জন্য তিলকপুর বিদ্যালয় মাঠটিকে টিনের বেড়া দিয়ে ঘেরা হয়েছিল। দর্শক সমাগম করতে খেলার সময়সূচি জানিয়ে এলাকায় ব্যাপক প্রচার ও করেছিল আয়োজকরা।
ওই খেলায় রংপুর জেলা নারী ফুটবল দল ও জয়পুরহাট জেলা নারী ফুটবল দলের অংশগ্রহণের কথা ছিল; যা প্রীতি ফুটবল ম্যাচ হিসেবে ঘোষণা দেওয়া হয়; কিন্তু নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি করে স্থানীয় তৌহিদী জনতা, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী এবং ইসলামপন্থি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা।
গত ২৮ জানুয়ারি মঙ্গলবার তারা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে তিলকপুরে নারীদের ফুটবল খেলা প্রতিহত করার ঘোষণা দেয়। এ ঘোষণার পর স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা ওই ফুটবল মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করে। বিষয়টি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে টনক নড়ে প্রশাসনের। এ ব্যাপারে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার।
জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেন। অন্যদিকে নারী ফুটবলে বাধা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্যর তদন্ত কমিটি গঠন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
এ নিয়ে গত ৩১ জানুয়ারি আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানিতে ভুল স্বীকার করে ক্ষমা চান ফুটবল খেলার বিরোধিতা করা আলেমরা। এর ফলে নারীদের নিরাপত্তা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত হওয়ায় স্থানীয় ক্লাবের পরিবর্তে আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং টিনে ঘেরার মাঠের পরিবর্তে উন্মুক্ত খোলা মাঠে বুধবার বিকালে নারী দলের আলোচিত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

























