ই-মেইল হ্যাক করে ব্যাংক থেকে ৭ লাখ টাকা স্থানান্তর
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
সিলেটে ই-মেইল ‘হ্যাক’ করে এক নারীর ব্যাংক হিসাব থেকে তিন ধাপে সাত লাখ টাকা অন্য হিসাবে স্থানান্তরের অভিযোগ উঠেছে। তবে পুলিশের সক্রিয় তৎপরতায় ওই নারী তার অর্থ পুনরুদ্ধার করেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, গত ২৫ জানুয়ারি ভোরে সিলেট নগরের সাগরদীঘির পাড় এলাকার এক নারী (বয়স ৩০, নাম প্রকাশে অনিচ্ছুক) বুঝতে পারেন যে তার ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। পরবর্তী সময়ে তিনি ই-মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করেন এবং মনে করেন তার অ্যাকাউন্ট নিরাপদ। কিন্তু সেদিন বিকেলে তিনি একটি খুদে বার্তা পেয়ে জানতে পারেন যে, তার নামে থাকা একটি বেসরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিন ধাপে মোট সাত লাখ টাকা অন্য একটি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।
ওই নারী সঙ্গে সঙ্গে ব্যাংকে যোগাযোগ করেন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সিলেট কোতোয়ালি থানার শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) খালেদ হাসান জিডির তদন্ত দায়িত্বে ছিলেন। তদন্তে জানা যায়, যে অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়েছে, সেটি জাল কাগজপত্র ব্যবহার করে খোলা হয়েছিল।
পিএসআই খালেদ হাসান জানান, জিডি দায়েরের পরপরই ব্যাংক কর্তৃপক্ষের সহায়তায় ওই অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেন বন্ধ রাখা হয়। ভুক্তভোগীর সরবরাহ করা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ব্যাংক থেকে স্থানান্তর হওয়া টাকাগুলো ফেরত আনা সম্ভব হয়।
পুলিশ জানিয়েছে, যেই অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল, সেই অ্যাকাউন্টের মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে অ্যাকাউন্টটি খোলার সময় জাল কাগজপত্র ব্যবহার করায় প্রকৃত মালিককে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, একটি সংঘবদ্ধ চক্র এই ঘটনার সঙ্গে জড়িত। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী নারী এ ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নিতে চাননি এবং নিজের পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন।























