মহাসমাবেশের ডাক দিলো সাদপন্থিরা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
এবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। আগামী ৭ ডিসেম্বর মহাসমাবেশ করবেন তারা। সাদপন্থি কাকরাইল মারকাজ মসজিদের ইমাম মুফতি মুহাম্মদ আযীমুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেন সাদপন্থিরা। সাদপন্থিদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশের রাস্তায় যানচলাচল সকাল থেকেই বন্ধ হয়ে যায়। এছাড়া নিরাপত্তার স্বার্থে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেয়া হয়।
কয়েকদিন ধরেই কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্র হয়। দু’পক্ষই পালটাপালটি বক্তব্য দিচ্ছে।
জানা গেছে, কাকরাইল মসজিদে নির্ধারিত অবস্থানের সময় শেষ হওয়ায় মাওলানা জুবায়েরের অনুসারীরা সকালে মসজিদ থেকে সরে যান। শুক্রবার সকাল ৮টার পরে প্রবেশ করেন সাদপন্থিরা। নিয়ম হলো ১৪ দিন থাকবে সাদপন্থিরা ২৮ দিন থাকবে জুবায়েরপন্থিরা।





















