ফুলবাড়ীতে বিনামূল্যে সার ও বীজ পাবেন কৃষকরা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৯২ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের নতুন কার্যালয়ের সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল। এর আগে তিনি উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও উপজেলা কৃষি অফিসের নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোন করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী শীতকালীন পেঁয়াজ ও অড়হড় চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২হাজার ৭শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২৭ হাজার কেজি বীজ এবং এমওপি ও ডিএপিসহ ৫৪ হাজার কেজি রাসায়নিক সার বিতরণ করা হবে।
এসব কৃষকদের মাঝে জনপ্রতি ১ কেজি করে বীজ ও ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এর মধ্যে সরিষা ১হাজার ৭শ জন, ভুট্রা ৮শ জন,গম ১৫০জন,সুর্যমূখি ৩০জন,পেয়াজ ১০জন ও অড়হড় বীজ ১০ জন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল। এতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহানুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নবীউল ইসলাম, ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্চিতা রায়, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। এসময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,গণমাধ্যমকর্মিসহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

























