মান্দায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, লিখে গেলেন চিরকুট
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৫ অক্টোবর) রাতে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিম-পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)।
নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম জানান, পারিবারিক বিষয় নিয়ে নিহতদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগতো। শনিবার রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি বিবি আমাকে ফোনে জানায় তার বাবা আত্মহত্যা করতে পারেন। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন।
কাজলি বিবির এমন সংবাদে আশপাশের লোকজনকে নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে ডাকাডাকির পরও তাদের কোনো শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরের ভেতর দুই জনের মরদেহ পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনসুর রহমান জানান, মরদেহ উদ্ধারের সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে মৃত্যুর পরে তাদের দাফন কীভাবে হবে, এবং কোথায় টাকা রাখা আছে, তা লেখা ছিলো।






















