সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের জাতীয় পরিচয়পত্র বাতিল
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা ৪টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন।
এর ফলে দেশে মিলবে না এনআইডির কোনো সুবিধা।
নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাসচিব মো. মাহবুব আলম তালুকদার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল।
এ ছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন।
হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কীভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন, তা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠনের করেছিল কমিশনের এনআইডি শাখা।
২০১৯ সালে হারিছ আহমেদ এনআইডি কার্ডে তাঁর ছবিও পরিবর্তন করেছিলেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন।























