হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ জন শিশু।
মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন ঢাকা, একজন সিলেট এবং একজন ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় ছিল বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩১ জনে। এর মধ্যে ৫৩৯ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে, আর ৯২ জনের মৃত্যু হয়েছে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর।
এই সময়ে মোট ৮১ হাজার ৮৪ শিশু হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬৬ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৬২ হাজার ২৯২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং ১ হাজার ১৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে বলে জানায় অধিদপ্তর।





















