শর্ত পূরণ করলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতাকর্মীরা
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নির্দিষ্ট শর্ত পূরণ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের কোনো নেতা বা পদধারী ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দলটির সাংগঠনিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় কেউ দলীয় পরিচয়ে কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। তবে ব্যক্তি হিসেবে নির্বাচন করার ক্ষেত্রে আইন ও বিধি অনুযায়ী যোগ্যতা পূরণ করলে অংশগ্রহণে কোনো বাধা নেই।
তিনি বলেন, “সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের পদ-পদবি ব্যবহার করার সুযোগ নেই। কিন্তু একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেন, তাহলে তিনি প্রার্থী হতে পারেন। সরকারের পক্ষ থেকে এ ক্ষেত্রে কোনো বাধা নেই।”
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে ডা. জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় নয়, নির্দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ফলে কোনো ব্যক্তি দলীয় পরিচয় সামনে না এনে স্বতন্ত্র নাগরিক হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন।
তবে তিনি সতর্ক করে বলেন, কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের সাংগঠনিক পরিচয়, কর্মসূচি বা নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের প্রচার চালালে তা সমস্যার সৃষ্টি করবে।
উপদেষ্টা আরও বলেন, “নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্ধারিত যোগ্যতা পূরণ করলে যেকোনো ব্যক্তি প্রার্থী হতে পারবেন। কিন্তু নির্বাচনী প্রচারণাকে দলীয় রাজনৈতিক কার্যক্রমে পরিণত করার সুযোগ থাকবে না।”
























