চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ শহর ও সদর উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় এক তরুণসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে বজ্রসহ ঝড়বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩ নম্বর ওয়ার্ডের শিয়ালা নামোপাড়া এলাকার মঙ্গল হোসাইনের ছেলে মনিরুল ইসলাম এবং সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া ঝুড়িপাড়া ভবানীপুর গ্রামের মো. বাবুর ছেলে মিরাজ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশের একটি আমবাগানে অবস্থানকালে বজ্রপাতে গুরুতর আহত হন মনিরুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক।
অন্যদিকে, একই সময়ে সদর উপজেলার ভবানীপুর এলাকায় আম পাড়তে গিয়ে বজ্রপাতে নিহত হন মিরাজ। সদর থানার উপপরিদর্শক রামজীবন ভৌমিক এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, দুই ঘটনার মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

























