মেট্রোরেলের চলাচলের সময় বাড়ছে, ৭ জুন থেকে নতুন সূচি
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
রাজধানীর যাত্রীসেবাকে আরও সুবিধাজনক করতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী, উত্তরা ও মতিঝিল—উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানো হয়েছে। আগামী ৭ জুন থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বুধবার (৩ জুন) ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে। নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ৩০ মিনিটে।
ডিএমটিসিএল জানিয়েছে, সময় বাড়ানো হলেও নতুন কোনো ট্রেন যুক্ত করা হচ্ছে না। বিদ্যমান সময়সূচির ধারাবাহিকতায় ২০ মিনিট ব্যবধান (হেডওয়ে) বজায় রেখেই অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি শেষ। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বুধবার রাতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর থেকে জানানো হয়, যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে একটি অতিরিক্ত ট্রিপ যুক্ত করা হচ্ছে। এর ফলে কর্মজীবী ও নিয়মিত যাত্রীরা রাতের শেষ দিকে আরও কিছুটা সময় হাতে পাবেন।
মেট্রোরেলের এক নিয়মিত যাত্রী বলেন, অফিস শেষে অনেক সময় শেষ ট্রেন ধরতে হিমশিম খেতে হয়। সময় ২০ মিনিট বাড়ানো হলে যাত্রীদের জন্য তা বেশ উপকারী হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল সেবা চালু হয়। বর্তমানে এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী পরিবহন করা হচ্ছে। ভবিষ্যতে কমলাপুর স্টেশন চালু হলে এ লাইনের পূর্ণাঙ্গ কার্যক্রম সম্পন্ন হবে।





















