কারিতাস রাজশাহী অঞ্চল পরিদর্শনে ভ্যাটিকানের রাষ্ট্রদূত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
ভ্যাটিকানের রাষ্ট্রদূত পরম শ্রদ্ধেয় আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডেল এবং রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ পরম শ্রদ্ধেয় জের্ভস রোজারিও কারিতাস রাজশাহী অঞ্চল পরিদর্শন করেছেন। এ উপলক্ষে কারিতাস রাজশাহী অঞ্চলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বুধবার (৩ জুন) দুপুরে রাজশাহীর মহিষবাথানে অবস্থিত কারিতাস আঞ্চলিক কার্যালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য ও পুষ্পার্পণের মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।
পরিদর্শনকালে আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডেল কারিতাস রাজশাহী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে ‘লাউদাতো সি কর্নার’ উদ্বোধন করেন। পরে তিনি একটি বৃক্ষরোপণও করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক বলেন, সম্মানিত অতিথিদের উপস্থিতি প্রতিষ্ঠানটির জন্য গৌরবের এবং কর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।
প্রধান অতিথির বক্তব্যে আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র্যান্ডেল কারিতাসের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা একটি মহৎ দায়িত্ব। ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে কারিতাস যে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভস রোজারিও তার বক্তব্যে কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানে কারিতাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

























