প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুইয়ের বৈঠক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
বুধবার (৩ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান প্রশাসন বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সরকারি প্রতিনিধিরা আরও জানান, বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন সরকারি সংস্থার সেবা ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।
মিতসুই অ্যান্ড কোং বিশ্বব্যাপী লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি, খাদ্য বাণিজ্যসহ নানা খাতে কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাও বৈঠকে গুরুত্ব পেয়েছে।
সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
জাপানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিতসুই অ্যান্ড কোং-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো। প্রতিনিধি দলে আরও ছিলেন এশিয়া প্যাসিফিক বিজনেস ইউনিটের চিফ স্ট্র্যাটেজি অফিসার তাকানোবু মুরায়ামা, মিতসুই বাংলাদেশের কান্ট্রি চেয়ারপারসন কেনইচিরো কাওয়ামোতো এবং ঢাকা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান।





















