সবুজ ও টেকসই উন্নয়নের পথে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ খুব দ্রুতই একটি সবুজ ও টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে। পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে দেশ আত্মনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার (২৪ মে) জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষ হলে আয়োজিত অনুষ্ঠানে এক মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, শিল্পায়ন ও বিদ্যুতের চাহিদাও দ্রুত বাড়ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, নদীভাঙন ও অনিয়মিত বর্ষণ এখন বাংলাদেশের নিত্য বাস্তবতা বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, টেকসই জ্বালানির দিকে অগ্রসর হওয়া শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। দেশের বিভিন্ন ভবনের ছাদ, শিল্পাঞ্চল, খোলা জমি ও উপকূলীয় এলাকায় নবায়নযোগ্য জ্বালানির বিপুল সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় কমে যাওয়ায় এটি এখন পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও কার্যকর সমাধানে পরিণত হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ ভবনের ছাদে সৌরশক্তি ব্যবহারের এই উদ্যোগ দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় সংসদ ভবনের ছাদে স্থাপিত এই সৌরবিদ্যুৎ ব্যবস্থা দৈনিক প্রায় চার হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে, যা ভবনের আংশিক বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়তা করবে।






















