পাবনায় ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার অপহৃত তরুণ-তরুণী
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
পাবনায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই যৌথ অভিযান চালিয়ে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
শনিবার (১৬ মে) ভোররাতে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকা থেকে তাদের উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশ।
উদ্ধার হওয়া দুজন হলেন চাটমোহর উপজেলার পাঁচুড়িয়া পূর্বপাড়া গ্রামের তরিকুল ইসলাম সনম (১৯) এবং তার বান্ধবী ঈশ্বরদী উপজেলার নীলা খাতুন (১৯)।
পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম জানান, শুক্রবার তরিকুল ইসলাম মোটরসাইকেলে করে পাবনায় আসেন এবং পরে বান্ধবীকে নিয়ে ভাঁড়ারা জামে মসজিদে যাওয়ার পথে অপহরণের শিকার হন। পরে অপহরণকারীরা তার মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং হত্যার হুমকি দেয়।
ঘটনার পর পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ–এর নির্দেশে ডিবি ও সদর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। রাতভর বিভিন্ন এলাকায় তল্লাশির পর ভোরে অপহৃতদের উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় অপহরণকারীরা রেজিস্ট্রেশনবিহীন একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া তরুণ-তরুণী জানিয়েছেন, দুর্বৃত্তরা তাদের জোরপূর্বক তুলে নিয়ে বিভিন্ন স্থানে আটকে রেখে নির্যাতন ও ভয়ভীতি দেখায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


























