চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
দেশের পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষিখাত উন্নয়নে গুরুত্ব দিয়ে আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি খাল খনন প্রকল্প উদ্বোধন করবেন।
বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী জানান, সরকার সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে এবং এ লক্ষ্যে মাঠপর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে।
বৈঠকে ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোতে পানির প্রবাহ বাড়বে এবং লবণাক্ততা কমবে। খুব শিগগিরই এটি একনেক সভায় উপস্থাপন করা হবে।
এছাড়া তিস্তা নদী কেন্দ্রিক মহাপরিকল্পনার অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। আগামী ১৮০ দিনের মধ্যে জরুরি কাজগুলো সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সরকার নদী শাসন ও তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে এসব প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।






















