পুশ-ইন আশঙ্কায় সীমান্তে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
পুশ-ইন ইস্যুতে সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি মনে করেন, এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম।
বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্ভাব্য পুশ-ইন ঠেকাতে আগেই বিজিবিকে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, “আমরা নির্দেশ দিয়েছি সীমান্তে সতর্ক থাকতে। যদিও এমন কিছু ঘটার সম্ভাবনা দেখছি না, তবে যদি ঘটে, যেন তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা যায়।”
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের করা মামলাগুলো এক মাসের মধ্যে যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলাসহ এসব মামলার সত্যতা খতিয়ে দেখা হবে।
এছাড়া পূর্ববর্তী সময়ে করা ‘গায়েবি মামলা’ প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে সড়ক ও রেললাইনের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পশুর হাটে জাল নোট শনাক্তে মেশিন স্থাপন, পুলিশ সদস্যদের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হবে।
























