উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলি: এআরও নেতা নিহত, আহত ২
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা সংগঠন ‘এআরও’ গ্রুপের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্প-৭ ও ৮-এর মাঝামাঝি তরজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কেফায়েত উল্লাহ হালিম। তিনি ক্যাম্প-৭-এর ব্লক-এফ/২-এর বাসিন্দা এবং এআরও গ্রুপের নেতা। আহতরা হলেন মোহাম্মদ উল্লাহ ও নুর মোহাম্মদ।
উখিয়া ১৪ এপিবিএনের তথ্য অনুযায়ী, তারা মোটরসাইকেলে করে বালুখালী ক্যাম্প থেকে নিজ এলাকায় ফিরছিলেন। পথে তরজার ব্রিজ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কেফায়েত উল্লাহ হালিমকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এপিবিএন জানিয়েছে, ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে।






















